রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আক্কাস আলী হাই স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩২ শিক্ষার্থীর মধ্যে মাত্র একজন উত্তীর্ণ হয়েছেন। ফল প্রকাশের পর বিদ্যালয়টিতে এমন হতাশাজনক চিত্র দেখা গেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে মোট ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষার্থী ছিলেন। তবে তাদের মধ্যে একজন অনুপস্থিত থাকায় ৩২ জন পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশের পর দেখা যায়, তাদের মধ্যে মাত্র একজন শিক্ষার্থী পাস করেছেন।
তবে উত্তীর্ণ ওই শিক্ষার্থীও প্রথমবারে সব বিষয়ে পরীক্ষা দিয়ে পাস করেননি। তিনি ২০২৫ সালে মাত্র দুটি বিষয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। পরে ২০২৬ সালে বাকি বিষয়গুলোর পরীক্ষা দিয়ে এবার পাস করেছেন।
সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের এই বিদ্যালয়ের ফলাফলে এমন চিত্র উঠে আসে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তাদের বিদ্যালয়টি নদীভাঙনকবলিত একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। শিক্ষার্থীদের অনেকের মধ্যেই পড়াশোনার প্রতি যথেষ্ট গুরুত্ব নেই। তাদের একটি অংশ ফেসবুক ও টিকটকে আসক্ত হয়ে পড়েছে।
পাশাপাশি অনেক অভিভাবকও সন্তানদের পড়াশোনার বিষয়ে যথেষ্ট সচেতন নন বলে জানান প্রধান শিক্ষক। এসব কারণে পরীক্ষার্থীদের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে বলে তিনি মনে করেন।
